গিভমিস্পোর্টের সাংবাদিক বেন জ্যাকবসের প্রতিবেদন অনুযায়ী, ক্রিস্টাল প্যালেসের সেন্টারব্যাক ম্যাক্সেন্স লাক্রোয়াকে দলে নেওয়ার কাছাকাছি পৌঁছেছে চেলসি।

বেন জ্যাকবসের মতে, লাক্রোয়ার দলবদল আলোচনা সরাসরি পরিচালনা করছেন ক্রিস্টাল প্যালেস চেয়ারম্যান স্টিভ প্যারিশ। ফরাসি আন্তর্জাতিক এই ফুটবলারকে নিতে চেলসির মোট ব্যয় টটেনহ্যাম ব্রাইটন থেকে ইয়ান পল ফান হেকেকে যে ৫ কোটি ২০ লাখ পাউন্ডে নিয়েছিল, তার চেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ২৬ বছর বয়সী লাক্রোয়া ২০২৪ সালের গ্রীষ্মে ১ কোটি ৮০ লাখ ইউরোয় ভলফসবুর্গ থেকে ক্রিস্টাল প্যালেসে যোগ দেন। এখন পর্যন্ত প্যালেসের হয়ে ৯৮টি ম্যাচ খেলেছেন তিনি এবং প্রতিটিতেই ছিলেন শুরুর একাদশে; করেছেন ৪ গোল ও ৪টি অ্যাসিস্ট।
